Premam (2015)
এই প্রেম নিয়েই কতশত কবি কত কাব্য করলো , তাইনা ? জার্মানিতে বসে ক্লোজ মেইন গাইলো 'স্টিল লাভিং ইউ' । একজন চ্যাপলিন করে গেলেন 'সিটিলাইটস'। কেউই তো প্রেমকে কম ফ্যান্টাসাইজ করেনি জীবনে। জীবনধর্মীরাও তীব্রভাবে প্রেমে ভুগেছে। রিয়ালিজমের শক্ত দেয়ালেও আঘাত হেনেছে প্রেম বারবার। অভুক্ত , ক্ষুধায় কাতর থাকা ভ্যান গখের ভাবনায় , চিন্তায় , তুলির আছড়েও তো প্রেম নাড়া দিয়েছে বিভিন্ন সময় , বিভিন্ন ভাবে। জীবন তো অনেক বড় জিনিস এবং তা যেকোন সময় , যেকোন ভাবে রং বদলায়। সেখানে বারবার ভালোবাসা এসে হানা দিতে পারে আবার দুমড়ে মুচড়ে একাকার ও করে দিতে পারে। 'অর্ধেক নারী ও অর্ধেক ঈশ্বরী' তে আহমদ ছফা বলেছিলো , "জীবন শিল্প নয় , কবিতা নয় ,জীবনে যা ঘটে শিল্প এবং কবিতায় তা ঘটে না। জীবন জীবনই।" প্রেমাম সিনেমাটি হয়তবা এরকমই কিছু একটা বলতে চেয়েছিলো , জীবন শিল্প কবিতা নয়। এখানে অপ্রত্যাশিত অনেককিছুই হয় , অনেককিছুই আসে। কিন্তু প্রতিবারই বিভিন্ন আঙ্গিকে রাঙিয়ে রঙিন করে যায় মানুষকে।মালাররা বেঁচে থাকুক লক্ষ জর্জ এর বুকে।


No comments